ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ১৪৩জন নিহত হয়েছেন। লেবাননেও ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ৭৭ জন নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গাজা ভূখণ্ডজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে উত্তর গাজায় নিহত হয়েছেন ১৩২ জন।
অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সারাদেশে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭৭ জন নিহত হয়েছেন।
এদিকে, ইসরায়েলের মিডিয়া রিপোর্ট করেছে, দক্ষিণ লেবাননে লড়াইয়ে কমপক্ষে ৩৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এই হামলা চলছে।
পাল্টা আঘাত হানছে হিজবুল্লাহও। গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরায়েলি বাহিনীর ৭০ জন সেনাকে হত্যার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি। অবশ্য ঠিক কত দিনে এই সেনারা নিহত হয়েছেন, সে বিষয়ে কিছু বলেনি হিজবুল্লাহ।
প্রসঙ্গত, মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মোট ৪৩ হাজার ৬১ জন মারা গেছে। এছাড়া, এক বছরেরও বেশি সময় চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। সূত্র: আল জাজিরা

0 Comments