উলভারহ্যাম্পটন ১: ২ ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার সিটির ত্রাতা হবেন—জন স্টোনস যেন সেই পণ করেই এবারের মৌসুমে খেলতে নামছেন। সেপ্টেম্বরে স্টোনসের শেষ মুহূর্তের গোলেই শিরোপার অন্যতম প্রতিদ্বন্দ্বী আর্সেনালের বিপক্ষে হার এড়িয়েছিল সিটি। আজ উলভারহ্যাম্পটনের বিপক্ষেও ম্যাচের যোগ করা সময়ে দারুণ এক হেডে গোল করলেন স্টোনস। এর আগে ম্যাচে সমতা ফেরান দলটির আরেক ডিফেন্ডার ইওস্কো গাভারদিওল।

সিটির প্রথম গোলটিও এক ডিফেন্ডারের। ইওস্কো গাভারদিওলের গোলেই সমতা ফেরায় সিিট

তাতে শুরুতে পিছিয়ে পড়েও উলভসকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় কয়েক ঘণ্টার জন্য হলেও শীর্ষে উঠে গেল সিটি, দুইয়ে নেমে গেল লিভারপুল। মৌসুমে এখনো কোনো জয় না পাওয়া উলভস তলানিতেই পড়ে রইল। কিছুক্ষণ আগে নিজেদের মাঠ অ্যানফিল্ডে চেলসির বিপক্ষে খেলতে নেমেছে লিভারপুল। আবারও শীর্ষে উঠতে হলে সালাহ-ফন ডাইকদের ম্যাচটা জিততেই হবে। এ মুহূর্তে ৮ ম্যাচে সিটির পয়েন্ট ২০, লিভারপুলের ১৮।

প্রিমিয়ার লিগের টানা চারবারের চ্যাম্পিয়ন সিটি গত মৌসুমে মাত্র তিনটি ম্যাচ হেরেছিল। এর একটি উলভসের মাঠ মলিনু স্টেডিয়ামে। আজ একই মাঠে ম্যাচের ৭ মিনিটেই ইওর্গেন লারসেনের গোলে উলভস এগিয়ে গেলে নিজেদের ডেরায় সিটিকে টানা দ্বিতীয়বারের মতো হারানোর স্বপ্ন বুনতে থাকে দলটির সমর্থকেরা। কিন্তু ৩৩ মিনিটে দূরপাল্লার বুলেট গতির শটে সমতা ফিরিয়ে উলভস সমর্থকদের ভুল প্রমাণ করেন গাভারদিওল। প্রিমিয়ার লিগে এ বছর এটি তাঁর ষষ্ঠ গোল, যা ডিফেন্ডারদের মধ্যে সর্বোচ্চ।