জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক অক্টোবরের শেষ সপ্তাহে বাংলাদেশে তিন দিনের সরকারি সফরে আসছেন। শনিবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, জাতিসংঘের হাইকমিশনারের কার্যালয় ভলকার তুর্কের ঢাকা সফর নিয়ে ইতোমধ্যেই বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ শুরু করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ঢাকা সফর করবেন তিনি।  

সফরকালে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস, অন্যান্য উপদেষ্টা, সরকারি কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে। তিনি মানবাধিকার ইস্যুর পাশাপাশি ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের একটি কার্যালয় স্থাপনের বিষয়েও আলোচনা করবেন।  

মূলত প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রণে তিনি ঢাকায় আসছেন। জুলাই এবং আগস্ট মাসে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি নিরপেক্ষ এবং স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পরিচালনা করার জন্য ইউনূসের কাছ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছিলেন তিনি।  

গত সেপ্টেম্বর মাসে ভলকার তুর্কের ঢাকায় আসার কথা ছিল কিন্তু দুই পক্ষের শিডিউল না মেলার কারণে তিনি আসতে পারেননি। তিনি আগস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছিলেন।    

অন্তর্বর্তী সরকারের অনুরোধে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের একটি দল ২২ থেকে ২৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফর করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যেসব অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, সেগুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তের লক্ষ্যে এটি গঠিত হয়। তারা  ছাত্র আন্দোলনের নেতাদের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা, প্রধান বিচারপতি, পুলিশ ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে দেখা করেন।