ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নতুন প্রধান হতে যাচ্ছেন খালেদ মাশাল। একটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে লেবাননের এলবিসিআই নিউজ। 

খালেদ মাশাল


প্রতিবেদনে বলা হয়েছে, সূত্রগুলো নিশ্চিত করেছে, খালেদ মাশাল হামাসের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। সিনওয়ারের মৃত্যুর পর বন্দি বিনিময় এবং যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা ক্রমশ কঠিন হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, খালেদ মাশাল এখন ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনায় জড়িত মূল দলগুলোর সঙ্গে যোগাযোগ করবেন। 

বুধবার (১৬ অক্টোবর) হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে এক সামরিক অভিযানে হত্যা করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সরকার।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, বুধবার অবরুদ্ধ গাজার রাফার একটি ভবনে হামাসের কয়েকজন যোদ্ধাকে প্রবেশ করতে দেখে ইসরায়েলি সেনারা। এরপর সেখানে হামলা চালানো হয়। হামলার পর সেখানে সিনওয়ারের মতো দেখতে এক যোদ্ধাসহ মোট তিনজনের মরদেহ পায় তারা। এরপর বৃহস্পতিবার ডিএনএ টেস্ট শেষে নিশ্চিত হওয়া গেছে ওই মরদেহটি সিনওয়ারেরই ছিল।  

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার প্রধান পরিকল্পনাকারী ছিলেন ইসমাইল হানিয়া। এই হামলায় ১২’শ ইসরায়েলি নিহত হয়। হামাস কর্তৃক বন্দী হন আরও অনেক ইসরায়েলি।