পল্লী বিদ্যুতের ২০ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার প্রতিবাদে রাজশাহীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সারাদেশের সঙ্গে মিল রেখে কয়েক দফা দাবিতে বিকাল বেলা ৩টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে তারা।

এ কারণে পল্লী বিদ্যুতের আওতায় থাকা তানর, গোদাগাড়ি, বাগমারা, মোহনপুরের পুরো উপজেলায় এবং দুর্গাপুর ও পবার কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এতে অন্ধকারে বেশ দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। 

আন্দোলনকারীদের ভাষ্য, দীর্ঘদিন ধরে বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছিলেন তারা। সরকার তাদের দাবি পূরণ না করে উল্টো বিদ্যুৎ সমিতির ২০ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেন। এরই প্রতিবাদে সারাদেশের পল্লী বিদ্যুৎ সমিতি শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। 

তারা আরও জানান, যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল না করলে শাটডাউন অব্যাহত থাকবে।